যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট (মাদক) ও ১টি চাকু উদ্ধার করা হয়।
বুধবার (৬ মে) দুপুরে আটক আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের চৌগাছা-যশোর সড়কের ব্র্যাক অফিস এলাকায় চৌগাছা থানার ওসি মামুনূর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ভ্যান থেকে ৩ জনকে আটক করেন। পরে তাদের নিকট থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট (মাদক) উদ্ধার করা হয়।
আটক আসামিরা হলেন পৌর শহরের সরদার পাড়ার কার্তিক সরদারের ছেলে নান্টু সরদার (৪০), জশোরত সরদারের ছেলে রানা সরদার (৩২) ও তার ভাই সোহেল সরদার (২৬)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি মামলা করা হয়েছে।
এদিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চাবাজার এলাকায় অভিযান চালিয়ে খড়িঞ্চা গ্রামের মমিনুর রহমানের ছেলে আলামিন হোসেন (২২), মনছুর আলীর ছেলে ইমন হোসেন বারেক (১৯) ও শরিফুল ইসলামের ছেলে আমিনুর রহমান মেহেদীকে (১৯) আটক করা হয়। তাদের কাছ থেকে পুলিশ একটি ভারতীয় সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী জাহানারা (৫৫) ও সিংহঝুলী গ্রামের আব্দুর রউফের ছেলে মোস্তাফাজ্জামানকে (৪৫) আটক করেন পুলিশ। বুধবার আটক আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
চৌগাছা থানার ওসি মামুনূর রশিদ জানান, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



