‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটে তিনি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উঠেন। মঞ্চে উঠেই প্রধানমন্ত্রী সবাইকে দু’হাত নেড়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী প্রথমেই কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন তিনি। দুপুর পর তিনি টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।
এদিকে, ঐতিহাসিক এই কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে সাজ সাজ রব বিরাজ করছে। তার আগমন ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন।
জানা গেছে, প্রথমে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষককে কৃষি কার্ড দেয়া হবে। তালিকাভুক্ত এই কৃষকদের মধ্যে কিছু সংখ্যক কৃষকের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড তুলে দেবেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয়া হয়েছে।’



