সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া এ সময় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের জালালপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে একটি সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। একই সময় রিফাত পরিবহনের একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জে আসছিল। পথিমধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষ হলে যাত্রীবাহী সিএনজি চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই দু’জন যাত্রী মারা যান। অন্য তিনজন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ছাতকে নিহত পাঁচজনের মধ্যে একজন হলেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। তবে অপর নিহতদের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
এদিকে দিরাই-মদনপুর সড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে।



