জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা করায় যুবকের কারাদণ্ড, ৫ জনকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক যুবককে কারাদণ্ড এবং পাঁচজনকে জরিমানা করা হয়েছে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
জীবননগর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জীবননগর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক যুবককে কারাদণ্ড এবং পাঁচজনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুরের তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: সিফাত হোসেন ফুয়েল কার্ড ছাড়াই লাইনে অগ্রাধিকার পাওয়ার চেষ্টা করেন এবং অন্যদের ওপর চাপ সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন। এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তাকে সতর্ক করে নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন। পরবর্তীতে জনমনে ভীতি সৃষ্টি ও আইন অমান্যের অভিযোগে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আরো চারজনকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন- জীবননগর এলাকার মো: সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেতুলিয়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলী এবং হরিহরনগর গ্রামের মোশারফ হোসেন। প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কাগজপত্র না থাকায় জীবননগরের বাঁকা গ্রামের মোহাম্মদ শাহিন উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই ঘটনায় আরেকজনকে স্বল্প অঙ্কের জরিমানাও করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, ‘জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং জনভোগান্তি কমাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি কার্যক্রম জোরদার করা হবে।