নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক মো: আফতাব আলী।
এ সময় বক্তারা ঈদুল আজহার তাৎপর্যপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। আলোচনা শেষে দরিদ্র ও অসহায় নারী-পুরুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টায় মঞ্জু মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে উপজেলা জামায়াত অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা বলেন, ‘ঈদুল আজহা হলো ত্যাগের আনন্দ। এর মূল বার্তা হলো আল্লাহর প্রতি গভীর আনুগত্য, আত্মত্যাগ এবং লোভ-লালসা ও পশুত্ব বিসর্জন দেওয়া। হজরত ইব্রাহিম (আ:) ও ইসমাইল (আ:)-এর মহান ত্যাগের স্মরণে ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানদের জন্য পশু কোরবানি করা ওয়াজিব।’
তারা আরো বলেন, ‘কোরবানি শুধুমাত্র রক্ত-গোশত পৌঁছানোর মাধ্যম নয়, বরং এটি বান্দার মনের তাকওয়া ও একনিষ্ঠ আত্মসমর্পণের প্রতীক। কোরবানির গোশতের একটি বড় অংশ গরিব, দুস্থ ও প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেয়ার বিধান রয়েছে। এটি সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। নিজের ভেতরের অহংকার, হিংসা, লোভ ও রিপু দমন করে বৃহত্তর মানবকল্যাণে আত্মত্যাগের শিক্ষাই হলো এই উৎসবের মূল নির্যাস।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মো: মামুনুর রশীদ মোল্লা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাক্তার ফজলুর রহমান, বায়তুল মাল সম্পাদক মো: জিহাদুল ইসলাম জিহাদ, পৌর জামায়াতের আমির মো: আব্দুল বারি, উপজেলা জামায়াতের সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো: আব্দুর রাজ্জাক, পৌরসভার সভাপতি মো: সাইফুল ইসলাম ও সেক্রেটারি মো: নয়ন ইসলামসহ প্রমুখ।



