ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটসহ চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর অফিসার ডা: ঝন্টু সরকার।
ঝন্টু সরকার আরো জানান, হাসপাতালের এই লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট, ময়লা ও আবর্জনায় ভরা ছিল।
হাসপাতালের আনসার ও পুলিশ সদস্যরা জানায়, সিগারেটের আগুন বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। হাসপাতালে দ্বিতীয় তলার নষ্ট লিফট থেকে আগুনের লেলিহান শিখা অল্প সময়েল ৮ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় আগুন লাগার খবরে ৮তলা এই নতুন ভবনে থাকা রোগী, স্বজন, চিকিৎসক, নার্সসহ হাসপাতালে কর্মরতরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম বলেন, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। বতর্মানের হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সূত্র : বাসস



