কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান মাঠে এবার পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। দেশের অন্যতম বৃহৎ এ ঈদ জামাতের ১৯৯তম আসরে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
প্রতিবছরের মতো এবারো দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সুবিধায় চালু থাকবে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দু’টি বিশেষ ট্রেন সার্ভিস।
আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, শোলাকিয়ার ঈদুল আজহার জামাত দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রতিবছরের মতো এবারো মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত, ওজু, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। শোলাকিয়ার ঐতিহ্য ও মর্যাদা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়ন, মুসল্লিদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ আলোচনা হয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে দুই প্লাটুন বিজিবির পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র : বাসস



