সচেতনতার অভাবে হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে শিশুরা : তথ্যমন্ত্রী

দায়িত্বশীল সরকার হিসেবে শিশুদের পর্যাপ্ত চিকিৎসা সেবাসহ তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রয়েছে। ফলে তাদের সুরক্ষায় সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

জহুরুল ইসলাম জহির, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন |নয়া দিগন্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমাদের সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। এ জন্য আমাদেরকে অতিরিক্ত সচেতন হওয়া দরকার।’

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের লেখনি ও সংবাদ উপস্থাপনার মাধ্যমে পাঠক, দর্শক, শ্রোতা ও দেশবাসীকে মরণঘাতী এ রোগটি সম্পর্কে সচেতন করবেন। একটা দায়িত্বশীল সরকার হিসেবে আমাদেরকে আমাদের শিশুদের পর্যাপ্ত চিকিৎসা সেবাসহ তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রয়েছে। ফলে তাদের সুরক্ষায় আমাদের সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করছে।’

বৈশ্বিক সঙ্কটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা এমন এক সময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি যখন আমাদের ক্ষমতা নেয়ার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ফলে গোটা বিশ্ব এখন এক অর্থনৈতিক সঙ্কটকাল অতিক্রম করছে। আমাদের দেশকে জ্বালানি আমদানি করে চলতে হয়। জ্বালানির উপর নির্ভর করে চলে দেশের বিদ্যুৎ উৎপাদন। দেশের কলকারখানাসহ অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে হয়।’

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বরিশাল জেলা সিভিল সার্জন ডা: মঞ্জুর এ এলাহী, পরিবার পরিকল্পনা দফতরের বিভাগীয় পরিচালক ডা: আবুল কালাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ডা: মনিরুল আলম, বরিশাল বিভাগীয় নিউট্রিশন অফিসার ডা: শাহনাজ বেগম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোর্শেদ সজিব।