সিলেট ও সুনামগঞ্জে ২৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার : আটক ৪

সিলেট ও সুনামগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৮ হাজার ৮০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট ও সুনামগঞ্জে ২৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার : আটক ৪
সিলেট ও সুনামগঞ্জে ২৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার : আটক ৪ |নয়া দিগন্ত

সিলেট ও সুনামগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৮ হাজার ৮০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ২ হাজার ৫০০ টাকা। অভিযানে চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেটের বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস এবং এর আগের দিন সোমবার (২৪ আগস্ট) রাতে সুনামগঞ্জের দিরাইয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সিলেট জেলা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার চারখাই পুলিশ ক্যাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।

আটকরা হলেন- জকিগঞ্জ উপজেলার আমলসীদ গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফে মারুফ (২৯), ডেমারগ্রাম এলাকার মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ (২৫) এবং আমলসীদ গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হক।

অন্যদিকে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজে অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শিশ আহমদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে।

সুনামগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ইয়াবা কেনাবেচার খবর পেয়ে দিরাই থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় শিশ আহমদকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা সাতটি জিপারের ভেতর থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিশ আহমদ ও দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের রন দাশ (৪২) নামে আরো একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক শিশ আহমদকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিয়ানীবাজারে আটক তিনজনের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। সিলেট ও সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।