নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্যরাতে অবৈধ সংযোগ দেয়ার সময় তিতাস গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়ে আহত হয়েছেন। দগ্ধদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের শরীরের ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল এক নম্বর গলির দেলোয়ার হোসেনের বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর দগ্ধ আরিফুল ইসলাম রংপুর জেলার কালিগঞ্জ থানার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার সংলগ্ন তানিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, চিতাশাল এক নম্বর গলির দেলোয়ার হোসেনের বাড়িতে সড়ক কেটে তিতাস গ্যাসের একটি সংযোগ দেয়ার জন্য ১৭ হাজার টাকায় চুক্তি হয়। কাজের জন্য দেলোয়ার অগ্রিম দুই হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা কাজ শেষে পরিশোধের কথা ছিল।
পরে সংযোগটি দেয়ার জন্য দেলপাড়া এলাকার গ্যাস কন্ট্রাক্টর মাসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি কয়েকজন শ্রমিক পাঠান। আব্দুল জলিল তার পক্ষ থেকে আরিফুলকে নিয়ে সোমবার রাতে অবৈধ সংযোগের কাজ শুরু করেন। রাস্তা কেটে পাইপ বের করে সংযোগ দেয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা চারজন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে কম দগ্ধ তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হলেও আরিফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আরিফুলের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



