মুন্সীগঞ্জ পৌরসভা এলাকায় সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো আনুমানিক ৬ মাস বয়সী এক শিশুর ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগ এলাকার দেওভোগ-সরদারপাড়া সড়কে স্থানীয় একটি মাদরাসার সামনে থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে মাদরাসার সামনে পলিথিন দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে কাছে গিয়ে তারা ভেতরে শিশুর ভ্রূণ দেখতে পান।
খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পরে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কোনো ব্যক্তি অটোরিকশাযোগে এসে ভ্রূণটি সেখানে ফেলে রেখে যায়। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভ্রূণটি উদ্ধারের পর স্থানীয়দের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’



