এক যুগ পর সরাসরি ভোটে চট্টগ্রাম চেম্বারের ২৪ পরিচালক নির্বাচিত

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম ঘোষিত ফলাফলে অর্ডিনারি গ্রুপে ১২ জন ও অ্যাসোসিয়েট গ্রুপে ছয়জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ট্রেড গ্রুপ থেকে তিনজন ও টাউন অ্যাসোসিয়েশন থেকে তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার নির্বাচন অনুষ্ঠিত হয়
নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার নির্বাচন অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

দীর্ঘ এক যুগ পর সরাসরি ভোটের মুখোমুখি হলো দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের ভোট বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সবকটি পদে জয় পেয়েছে ইউনাইটেড বিজনেস ফোরাম। নির্বাচনে চার ক্যাটাগরিতে ২৪ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ২০১৩ সালে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর এ চেম্বারের সব কমিটি হয়েছে বিনা ভোটে।

শনিবার (২৩ মে) বিকেলে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম ঘোষিত ফলাফলে অর্ডিনারি গ্রুপে ১২ জন ও অ্যাসোসিয়েট গ্রুপে ছয়জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ট্রেড গ্রুপ থেকে তিনজন ও টাউন অ্যাসোসিয়েশন থেকে তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ছয় হাজার ৭৮০ জন। যার মধ্যে ভোট দিয়েছেন দুই হাজার ৭২৫ জন। এ সংখ্যা মোট ভোটের প্রায় ৪০ শতাংশ।

অর্ডিনারি গ্রুপ থেকে ১২টি পদে নির্বাচিত পরিচালকরা হলেন রাজা করপোরেশনের কামাল মোস্তফা চৌধুরী (প্রাপ্ত ভোট ১৪০৫), ফাল্গুনী ট্রেডার্স লিমিটেডের এ এস এম ইসমাইল খান (১৩৭৪), চুমকি অ্যাপারেলস লিমিটেডের আবু হায়দার চৌধুরী (১৩৬৪), রাইজিং কম্পিউটার স্কেলের মো: আমজাদ হোসেন চৌধুরী (১৩৫২), ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের মো: নাসির উদ্দিন চৌধুরী (১৩২১), টার্নিং পয়েন্টের আসাদ ইফতেখার (১৩০৬), স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আমান উল্লা আল ছগির (১২৭৭), প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেডের মো: গোলাম সরওয়ার (১২৫৯), দি ফোর হুইলারসের মোহাম্মদ হাবিবুর রহমান (১২৫৯), নিউ কর্ণফুলি ট্রেডিংয়ের মোহাম্মদ শফিউল আলম (১২৪৯), জেএসএন এন্টারপ্রাইজ লিমিটেডের মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী (১২১১) ও স্ট্যান্ডার্ড লজিস্টিক্স সার্ভিসেসের শহীদুল আলম (১২০৯)।

অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ছয়টি পদে নির্বাচিত পরিচালকরা হলেন জার ট্রেডের মো: জাহিদুল হাসান (প্রাপ্ত ভোট ৬৮৭), স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (ইউনিট-২) মো: নুরুল ইসলাম (৬৬১), জেকো এন্টারপ্রাইজের মো: সেলিম নুর (৬৪৬), সাহির ট্রেডের সরোয়ার আলম খান (৬৪১), মনোয়ারা ট্রেডিংয়ের মোহাম্মদ মশিউল আলম (৬৩২) ও মার্স মেরিটাইম সার্ভিসেস অ্যান্ড ইন্সপেকশনের মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (৬১৮)।

ট্রেড গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন পরিচালক হলেন রোকনূর করপোরেশনের মোহাম্মদ আমিরুল হক, পিএইচপি মোটরস লিমিটেডের মোহাম্মদ আকতার পারভেজ ও চট্টগ্রাম ট্রেড অ্যাজেন্সির এস এম সাইফুল আলম।

টাউন অ্যাসোসিয়েশন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন পরিচালক হলেন পাবলিক ইলেকট্রিকের আফসার হাসান চৌধুরী, এম এন্টারপ্রাইজের মোহাম্মদ মনির উদ্দিন ও অর্কিড ট্রেডিংয়ের মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ।

চেম্বার সূত্রে জানা গেছে, আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় চেম্বারের প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত করবেন নবনির্বাচিত পরিচালকরা।