২০ এপ্রিল থেকে কুমিল্লায় ৭ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা

জেলায় ১৭টি উপজেলার ১৯৬টি ইউনিয়নের ৫৮৮টি ওয়ার্ডে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এ উপলক্ষে চার হাজার ৮৪৮টি অস্থায়ী কেন্দ্র ও ১৮টি স্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন
হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে কুমিল্লায় সাত লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা। সারাদেশের মতো কুমিল্লাতেও শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ১১ দিনব্যাপী এই কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত। এ সময়ে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এক ডোজ করে হাম-রুবেলা টিকা পাবে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা: আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, এ ক্যাম্পেইনের আওতায় কুমিল্লায় মোট সাত লাখ পাঁচ হাজার ২৯৮ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা পাবে এক লাখ ছয় হাজার ৯৪৮ জন শিশু।

তিনি আরো জানান, স্কুলভিত্তিক টিকাদান কার্যক্রম চলবে তিন দিন এবং কমিউনিটি পর্যায়ে উপজেলার বিভিন্ন কেন্দ্রে টিকাদান চলবে আট দিন। কোনো শিশু অসুস্থ থাকলে সুস্থ হওয়ার পর টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এজন্য অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

জেলায় ১৭টি উপজেলার ১৯৬টি ইউনিয়নের ৫৮৮টি ওয়ার্ডে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এ উপলক্ষে চার হাজার ৮৪৮টি অস্থায়ী কেন্দ্র ও ১৮টি স্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: রেজা সারোয়ার আকবর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া মাহমুদ, ডব্লিউএইচও’র সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিক্যাল অফিসার সাবিজা ইয়াসমিন ও জেলা ইপিআই সুপারভাইজার গোলাম ফারুক।

এ সময় টিকাদান কার্যক্রম নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বাস্থ্য কর্মকর্তারা।