কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে এক কিশোর ও এক গৃহবধু আহত হয়েছেন।
শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে মৃত্যুর ঘটনা ঘটে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কৃষক রিয়াজুল উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর সন্তান।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যান। দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে মাঠেই গুরুতর আহত হন রিয়াজুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে কিশোর বায়েজিদ (১৫) ও একই এলাকার গৃহবধু ইসমোতারা রান্নাঘরে থাকা অবস্থায় আহত হন। তাদের দু’জনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত কিশোর বায়েজিদের বাবা আশরাফুল ইসলাম জানান, বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছেলেকে মাঠে ছাগল আনতে পাঠাই। এ সময় বজ্রাঘাতে আমার ছেলে আহত হয়।



