লোহাগাড়ায় একটি সাধারণ বাইসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার বটতলি মটর স্টেশন এলাকায় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন সেলিম উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২ মে উপজেলার আধুনগর ইউনিয়নের লোহাগাড়া রেলস্টেশন এলাকায় একটি বাইসাইকেল দুর্ঘটনায় শিশু এহসান হাবিব আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। আহত শিশুর সাথে থাকা অন্য শিশুরাও ঘটনাটিকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘটনাটি দুর্ঘটনা হলেও একটি মহল এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বিশেষ করে কয়েকজন প্রবাসী ও নিরীহ ব্যক্তিকে জড়িয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মামলা করা হয়েছে বলে দাবি করেন।
প্রত্যক্ষদর্শী ও এহসান হাবিবের সাথে থাকা ইয়াসিরুল ইসলাম বলেন, আমারা পাঁচ বন্ধু রেলস্টেশনে বেড়াতে গিয়েছিলাম কিন্তু ফেরার সময় রেললাইনের পাশে পানি নিষ্কাশনের ড্রেনের সাথে লেগে রাস্তায় পড়ে আঘাতপ্রাপ্ত হয় এহসান হাবিব, পরে আমরা সবাই তাকে নিয়ে বাড়িতে দিয়ে আসি।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, মামলার আসামিদের মধ্যে কয়েকজন ঘটনার সময় এলাকাতেই উপস্থিত ছিলেন না। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নিরীহ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। একই সাথে মিথ্যা মামলা প্রত্যাহার ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।



