খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০ লাখ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপন অভিযান-২০২৬ উদ্বোধন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।
রোববার (২১ জুন) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উক্তি ‘বর্ষায় বৃক্ষরোপণ, সোনার বাংলার স্বপ্ন বপন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে খাগড়াছড়িতে এ বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয়েছে। একটি গাছ কাটলে আরো পাঁচটি গাছ লাগানো আমাদের দায়িত্ব। গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, তাই গাছের যত্ন নেয়া আমাদের কর্তব্য।
তিনি বলেন, ‘ক্যান্টনমেন্ট পর্যায়ে প্লাষ্টিক বর্জ্য সংরক্ষণ করে ডাম্পিংয়ের জন্য চট্টগ্রাম পাঠানো হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং প্লাষ্টিক বর্জ্যের যথাযথ সংরক্ষণ ও ডাম্পিং করতে হবে। এছাড়া কৃষি কাজে কীটনাশকের ব্যবহার কমিয়ে কম্পোষ্ট সারের ব্যবহার বাড়াতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিয়া ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার প্রমুখ উপস্থিত ছিলেন।



