নোবিপ্রবিতে শ্রেণি প্রতিনিধিদের সাথে ভিসির মতবিনিময়

মতবিনিময়কালে ভিসি বলেন, শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

Location :

Noakhali
নোবিপ্রবিতে শ্রেণি প্রতিনিধিদের সাথে মতবিনিময় নবনিযুক্ত ভিসি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী
নোবিপ্রবিতে শ্রেণি প্রতিনিধিদের সাথে মতবিনিময় নবনিযুক্ত ভিসি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব সেমিস্টারের শ্রেণি প্রতিনিধিদের (সিআর) সাথে ভিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

মতবিনিময়কালে ভিসি বলেন, শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, “আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভিসি বলেন, তাদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে। একাডেমিক ভবন-৩ প্রকল্প বাস্তবায়িত হলে অধিকাংশ সমস্যার সমাধান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে সুপেয় পানির ব্যবস্থা, ক্যাশলেস ক্যাম্পাস চালু, ই-কার সংযোজন, পরিবহন সঙ্কট নিরসন এবং ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয় তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্ব শেষে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন ভিসি। পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবান পরামর্শকে সাধুবাদ জানান তিনি।

সভায় আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এস এম সোহেল রানা।

এ সময় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।