লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মোট ৭ জন ছিলেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস গাছের সাথে ধাক্কা খাওয়ার পর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চারজন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত চারজন উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুলিশ উদ্ধারকাজ পরিচালনা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রিফিক বলেন, আমি কিছুটা দূরেই ছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে রাস্তায় এসে দেখি মাইক্রোবাসটি খাদে পড়ে গেছে। আমরা কয়েকজন মিলে তাদের উদ্ধার করি। সেখানে মোট সাতজন ছিলেন, তার মধ্যে ড্রাইভারসহ তিনজন নিহত হন। বাকিদের হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। জাঙ্গালিয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সাথে ধাক্কা খায় এবং পরে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।