দাউদকান্দিতে খেলার মাঠে সন্ত্রাসী হামলা : আহত ১০, আটক ১

এ ঘটনায় শনিবার (৩০ মে) ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান ১৯ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Location :

Daudkandi

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার দাউদকান্দিতে খেলার মাঠে ককটেল ফাটিয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটিয়াখোলা সংলগ্ন নগরপাড় গ্রামে অবস্থিত খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ চলছিল।

পরে রাতে এ ঘটনার রেশ ধরে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে দ্বিতীয়বার হামলা করা হয়।

আহত জাহাঙ্গীর (২৫), ইয়াছিন (২২), সাইফুল (৩০), রকিব (২৫), তারেক (৪০), রাফিন (১৬) ও নোমান (১৯) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরীপুরে চিকিৎসা নিয়েছেন।

আহতরা জানায়, টামটা গ্রামের কিছু উগ্র-উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন দর্শকের গায়ের জামা পুড়িয়ে ফেলে আহত করে।

এ ঘটনার প্রতিবাদ করলে টামটা গ্রামের ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খেলার মাঠে এবং আশেপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে আট থেকে দশজন মারাত্মকভাবে আহত হয়।

এ ঘটনায় শনিবার (৩০ মে) ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান ১৯ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে টামটা গ্রামের সুলতান খার ছেলে মোশারফকে আটক করে কুমিল্লা আদালতে পাঠায়। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।

অন্যদের আটকের অভিযান চলছে বলে জানিয়েছেন দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী।

তবে ওসি বলেন, গন্ডগোলের সূত্রপাত ককটেল বিস্ফোরণে নয়, আতশবাজির আগুন থেকে।