মাদারীপুরে কুমার নদের ওপর সেতুর নির্মাণকাজের উদ্বোধন

মাদারীপুর সদর উপজেলার কুমার নদের ওপর তরমুগুরিয়া-লক্ষ্মীগঞ্জ-নতুন মাদারীপুর-চরমুগুরিয়া সড়কে নির্মিতব্য সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুরে কুমার নদের ওপর সেতুর নির্মাণকাজের উদ্বোধন
মাদারীপুরে কুমার নদের ওপর সেতুর নির্মাণকাজের উদ্বোধন |নয়া দিগন্ত

মাদারীপুর সদর উপজেলার কুমার নদের ওপর তরমুগুরিয়া-লক্ষ্মীগঞ্জ-নতুন মাদারীপুর-চরমুগুরিয়া সড়কে নির্মিতব্য সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সেতুটি নির্মিত হলে অন্তত পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হবে।

শুক্রবার (২৬ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে সরকার রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই সেতু নির্মিত হলে এলাকার মানুষের যোগাযোগ সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে।

তিনি আরো বলেন, মানব পাচার, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান 'জিরো টলারেন্স'। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৯৫ মিটার দীর্ঘ ও ৭৫ মিটার স্টিল আর্চ পিএসসি গার্ডার সেতুটি মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৮ কোটি ২৬ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। ২০২৭ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সেতুটি নির্মিত হলে তরমুগুরিয়া, লক্ষ্মীগঞ্জ, নতুন মাদারীপুর, চরমুগুরিয়াসহ আশপাশের অন্তত পাঁচ গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধন অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।