সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

সড়ক, মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট বসতে দেয়া হবে না

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটে যাতে জাল নোটের প্রচলন না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান সংসদ সদস্যরা।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা
সিলেট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা |নয়া দিগন্ত

সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম। সভায় সংসদ সদস্য এম এ মালিক ও মুফতি আবুল হাসান উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার পশুর হাটগুলো কোনোভাবেই সড়ক, মহাসড়ক ও রেললাইনের পাশে বসতে দেয়া যাবে না। পশুর হাটগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, গত পবিত্র ঈদুল ফিতরে সিলেটে প্রায় পাঁচ লাখ পর্যটকের আগমন ঘটেছিল। এবারো ঈদুল আযহাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক সিলেট ভ্রমণে আসবেন। তাই পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। একইসাথে যেসব পর্যটন এলাকায় যাতায়াত ব্যবস্থায় সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় নদীভাঙন প্রতিরোধ, চোরাচালান দমন ও মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটে যাতে জাল নোটের প্রচলন না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইদা পারভীনসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ