সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজ শিশু ইয়াসিন মোল্লার (১২) এক বছরেও কোনো সন্ধান মেলেনি। সে বেতিল-খামারগ্রাম কবরস্থান হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নিখোঁজ শিশুর বাবা সাইফুল ইসলাম বলেন, ২০২৫ সালের ৩ জুলাই এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাড়ি থেকে বের হয়ে আমার ছেলে ইয়াসিন নিখোঁজ হয়।
নিখোঁজের পর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। পরে ৭ জুলাই এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ২৭৯।
এদিকে শিশু ইয়াসিনের নিখোঁজের এক বছর পার হলেও সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। সন্তান ফিরে আসবে— এমন অপেক্ষায় বসে আছেন বাবা-মা।
এ বিষয়ে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, ইয়াসিনের সন্ধানের চেষ্টা চলছে। তবে সে এর আগেও একাধিকবার স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছিল, আবার কিছুদিন পর বাড়ি ফিরে এসেছিল।



