গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে খাগড়াছড়িতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

জুলাই আন্দোলন ছিল বৈষম্য ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। বর্তমান সরকার ৭০ ভাগ মানুষের ভোটে পাশ হওয়া জুলাই সনদ বাস্তবায়ন না করে প্রতারণার আশ্রয় নিয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
১১ দলীয় ঐক্যের গণমিছিল
১১ দলীয় ঐক্যের গণমিছিল |নয়া দিগন্ত

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে খাগড়াছড়িতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৪ জুলাই) বিকেলে জেলা শহরের শাপলা চত্বর থেকে গণমিছিল শুরু করে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে তারা।

জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, ১১ দলীয় ঐক্যের অন্যতম শরিক দল এনসিপির জেলা আহ্বায়ক মো: নূর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান, এনসিপির জেলা সদস্য সচিব চাইথোয়াই মারমা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: আব্দুস সত্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলন ছিল বৈষম্য ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। বর্তমান সরকার ৭০ ভাগ মানুষের ভোটে পাশ হওয়া জুলাই সনদ বাস্তবায়ন না করে প্রতারণার আশ্রয় নিয়েছে।

বর্তমান সরকার জুলাই আন্দোলনে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে ক্ষমতায় বসতে সক্ষম হয়েছে উল্লেখ করে বক্তারা আভিযোগ করে বলেন, সরকার জুলাই গণহত্যাসহ গুম, খুনের বিচারে অবহেলা করছে, যা জুলাই শহীদের প্রতি অবিচার করা হচ্ছে।

এ সময় বক্তারা গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন ও অবিলম্বে সকল গুম, খুন ও জুলাই গণহত্যার বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরো কঠোর গণআন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।