সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের সুবিধাবঞ্চিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর, তালুকদারপাড়া এবং দক্ষিণ সুরমার চান্দাই, গালিমপুর ও মোমিনখলা এলাকায় সরেজমিনে যান। এ সময় সড়ক ও ড্রেনেজ সঙ্কটের কারণে এলাকাবাসীর দুর্ভোগ প্রত্যক্ষ করেন তিনি।
দুপুরে প্রশাসক মইয়ারচর ও তালুকদারপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিম মাদরাসা পরিদর্শন করেন এবং মাদরাসার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সিটি করপোরেশনের বর্ধিত অনেক এলাকা এখনও উন্নয়নবঞ্চিত। তবে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি—কিছু ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ করা হয়েছে, সড়কবাতিও স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বর্ধিত ওয়ার্ডে নগরের সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া হবে।
তিনি এ এলাকার ড্রেনেজ সমস্যা সমাধান, সড়ক নির্মাণ এবং মাদরাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।
নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য কর যথাসময়ে পরিশোধ করলে সিটি করপোরেশনের পক্ষে উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল করা সম্ভব হবে। সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।
সিলেটের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার পর সিলেটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। জনগণ যেমন ভোটের মাধ্যমে সরকারকে নির্বাচিত করেছেন, তেমনি সিটি করপোরেশনের কার্যক্রমেও সহযোগিতা করলে একটি আধুনিক নগর গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মো: শহীদ আহমদ, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন।
উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মো: জালাল উদ্দিন, কবির উদ্দিন আহমদ, মো: আলাউদ্দিন, মুক্তার মিয়া, নিজাম উদ্দিন, গোলাম মোস্তফা ও হানিফ আলী প্রমুখ।
এরপর প্রশাসক দক্ষিণ সুরমার চান্দাইয়ের গালিমপুর এলাকা এবং শাহ চান্দে আলী শাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তিনি ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকায় যান এবং সড়ক ও ড্রেনের অভাবে এলাকাবাসী ও ব্যবসায়ীদের দুর্ভোগ প্রত্যক্ষ করেন।
এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবে সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ না করলে স্থায়ীভাবে সমস্যার সমাধান সম্ভব নয়। তাই জনস্বার্থে সড়ক প্রশস্ত করতে প্রয়োজনীয় ভূমি প্রদানে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো: আলী আকবর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ সহ সংশ্লিষ্ট এলাকাবাসী উপস্থিত ছিলেন।



