পূবাইলে সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণসহ একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

দীর্ঘদিনের অবহেলা ও নাগরিক ভোগান্তি দূর করে পূবাইলকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণসহ একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
পূবাইলে সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণসহ একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
পূবাইলে সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণসহ একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন |নয়া দিগন্ত

দীর্ঘদিনের অবহেলা ও নাগরিক ভোগান্তি দূর করে পূবাইলকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণসহ একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকারের উপস্থিতিতে শনিবার (১৮ জুলাই) এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উন্নয়ন প্রকল্পের আওতায় ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজ গেট পর্যন্ত সড়ক উন্নয়ন, পূবাইল থানা সড়ক থেকে নৈপাড়া সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ, বিন্দান স্কুল সড়কের উন্নয়ন, হারবাইদ এলাকার বিভিন্ন সড়ক সংস্কার এবং কালু মার্কেট ও কলেরবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করা হবে। এ ছাড়া আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণ এবং বিভিন্ন সড়ক প্রশস্তকরণের কাজও বাস্তবায়ন করা হবে।

গাজীপুর সিটি করপোরেশন সূত্র জানায়, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পূবাইল অঞ্চলের যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে। দীর্ঘদিনের সড়ক ও ড্রেনেজসংক্রান্ত ভোগান্তি কমার পাশাপাশি যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনেও এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেনেজ সমস্যায় সাধারণ মানুষ ভোগান্তিতে ছিলেন। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়িত হলে মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, ‘পূবাইলের মানুষের দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ দূর করতে উন্নয়নকাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়ন করা হবে।’

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নাগরিক সেবা নিশ্চিত করাই সিটি করপোরেশনের প্রধান দায়িত্ব। পূবাইল অঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত মান ও সময় অনুযায়ী বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না।

Topics