বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন পূরণে জামায়াত কাজ চালিয়ে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে উপেক্ষার মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের সাথে প্রতারণা করেছে।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াত সারাদেশে জুলাই শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।’
মঙ্গলবার (২৬ মে) দুপুরে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও নিখোঁজ শহীদ শাহাজাহানের পরিবারের সাথে মতবিনিময় ও ঈদ উপলক্ষে নগদ অর্থ উপহার প্রদানকালে এসব কথা বলেন তিনি।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘ঈদুল আজহা সামনে। কিন্তু শহীদ শাহজাহানসহ সহস্রাধিক শহীদ পরিবারে এবারো আনন্দ নেই। কারণ যারা হারায় তারাই স্বজন হারানোর বেদনা অনুভব করতে পারে। আজ রাষ্ট্র ও সরকারের উচিত ছিল জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো। কিন্তু এক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। জামায়াত সবসময় জুলাই শহীদের পরিবার ও আহতদের পাশে থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানার সেক্রেটারি মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।



