বিএসইসির শর্ট ভিডিও প্রতিযোগিতায় হাবিপ্রবির দ্য ব্লাইন্ডম্যান চ্যাম্পিয়ন

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সম্মাননা তুলে দেয়া হয়।

রাফিউল হুদা, হাবিপ্রবি
নয়া দিগন্ত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত আর্থিক জ্ঞান বিষয়ক সৃজনশীল শর্ট ভিডিও প্রতিযোগিতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিল্ম ক্লাবের সদস্যদের সমন্বয়ে গঠিত দল দ্য ব্লাইন্ডম্যান চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সম্মাননা তুলে দেয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

প্রতিযোগিতায় পুঁজিবাজারে সচেতনতা বৃদ্ধিতে আর্থিক জ্ঞান ক্যাটাগরিতে হাবিপ্রবির দলটি প্রথম স্থান অর্জন করে। এ বিভাগে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তৃতীয় স্থান লাভ করে।

এছাড়া সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি বিভাগে হামদর্দ বিশ্ববিদ্যালয় এবং পুঁজিবাজারের ঝুঁকি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) দল প্রথম স্থান অর্জন করে।

হাবিপ্রবির দ্য ব্লাইন্ডম্যান দলের চ্যাম্পিয়ন ভিডিওটি রচনা ও নির্দেশনায় ছিলেন মোরশেদুল ইসলাম (ইমন), পরিচালনায় আসিফ বিন আলিম, চিত্রগ্রহণে সাকিব মাহমুদ ও সম্পাদনায় ছিলেন তৌফিকুর রহমান। অভিনয়ে অংশ নেন আসিফ বিন আলিম, ত্রয়ী সরকার, শর্মী বসাক ও মুশফিকুল আলম অনিক।

অনুষ্ঠানে তিন ক্যাটাগরির সেরা ৯টি দলের ভিডিও প্রদর্শিত হয়।

জাতীয় পর্যায়ে এ সাফল্যকে হাবিপ্রবি ফিল্ম ক্লাব বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও সৃজনশীল অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে দেখছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন শুধু দলগত নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সৃজনশীলতা ও পেশাদারিত্বের প্রতিফলন।