সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় মিয়ানমার থেকে চোরাচালানকৃত বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ ছয় চোরাচালানকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২২ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় শনিবার (২১ জুন) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি বোটকে থামার সঙ্কেত দেয়া হলে বোটটি সঙ্কেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
এ সময় কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। পরে উক্ত বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশী কারেন্ট জালসহ ছয়জন চোরাচালানকারিকে আটক করা হয়।
জব্দকৃত জাল, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাচালানকারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, চোরাচালান রোধ ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



