সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মোটরসাইকেলে মিলল ৩০ হাজার ইয়াবা

উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা কচ্ছপিয়া এলাকায় কক্সবাজারমুখি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাদক পাচারকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেধা কচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের মোটরসাইকেল তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

নিহত নুর হোসেন কক্সবাজার সদর উপজেলার কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

ডুলাহাজারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা কচ্ছপিয়া এলাকায় কক্সবাজারমুখি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাদক পাচারকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত নুর হোসেন ইয়াবা ট্যাবলেট পাচার করছিলেন। তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ৫০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি আটক করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।