কবরস্থানের জমি ও রাস্তা দখলের অভিযোগে সোনারগাঁওয়ে মানববন্ধন

বক্তারা অভিযোগ করে বলেন, কবরস্থানের জমি ও রাস্তা অবৈধভাবে দখল করা হয়েছে। তারা দ্রুত দখলমুক্ত করে কবরস্থানের জমি ও রাস্তা পুনরুদ্ধারের দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি আঞ্চলিক কবরস্থানের জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর আঞ্চলিক কবরস্থানের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন কবরস্থানের জমি ও চলাচলের রাস্তা দখল করে পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছেন।

গঙ্গাপুর আঞ্চলিক কবরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং মাওলানা গোলজার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আবুল হাসেম, জয়নাল আবেদীন মোল্লা ও আর্শাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বিভিন্ন মসজিদের মুসল্লি ও এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, কবরস্থানের জমি ও রাস্তা অবৈধভাবে দখল করা হয়েছে। তারা দ্রুত দখলমুক্ত করে কবরস্থানের জমি ও রাস্তা পুনরুদ্ধারের দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তারা বলেন, কবরস্থানের জায়গা ও রাস্তা জনগণের সম্পদ। এটি দখলমুক্ত করে বাউন্ডারি ওয়াল অপসারণ এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গঙ্গাপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দাবি করেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।