গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

আওয়ামী লীগ প্রায় ৬ লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে

‘আপনারা জানেন, আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলো আপনাদের টাকা।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন
বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন |নয়া দিগন্ত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আমরা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাস হয়েছে এ সরকারের আয়ু। আপনারা জানেন, আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলো আপনাদের টাকা। আপনারা ওনার জন্য দোয়া করবেন, যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহ যেন আমাদের কামিয়াব করেন।’

শনিবার (৩০ মে) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ ক্যাম্পে বিভিন্ন এলাকার চারটি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।