চুয়াডাঙ্গার দর্শনায় পৌর এলাকার রেলবাজারে অভিযান চালিয়ে চার কেজি ভারতীয় গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)।
সোমবার (৩ আগস্ট) রাতে চুয়াডাঙ্গাস্থ বিজিবি-৬ ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্তে মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিওপি ক্যাম্পের সুবেদার এনামুল কবিরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দর্শনা রেলবাজার এলাকায় এ অভিযান চালায়। এসময় এক পাচারকারি মোটরসাইকেলে বস্তাভর্তি চোরাই মালামাল নিয়ে আসার সময় বিজিবি টহলদল তাকে থামার সংকেত দেয়। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি রাস্তার পাশে মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৪ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে সব ধরনের অপরাধ ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া মাদককারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা চলছে।



