চুয়াডাঙ্গায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

বিজিবি জানায়, সোমবার দিনব্যাপী বিশেষ এ মানবিক সহায়তার আওতায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তের ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের হাতে চাল, ডাল, আলু ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। দুর্যোগকালীন সময়ে প্রান্তিক পরিবারগুলোর ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে

Location :

Chuadanga
ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ভারী বর্ষণে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে দিনমজুর ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ও অসহায় এসব মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি খাদ্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের ব্যবস্থাপনায় এবং চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) উদ্যোগে ত্রাণসামগ্রী ও জরুরি খাদ্য বিতরণ করা হয়।

বিজিবি জানায়, সোমবার দিনব্যাপী বিশেষ এ মানবিক সহায়তার আওতায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তের ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের হাতে চাল, ডাল, আলু ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। দুর্যোগকালীন সময়ে প্রান্তিক পরিবারগুলোর ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

ত্রাণ বিতরণকালে বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। কঠিন সময়ে বিজিবির এমন মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।

দুর্যোগে স্থানীয়দের পাশে দাঁড়ানোর বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সঙ্কটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক ও জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।