যশোরের চৌগাছা পৌর শহরের ডাকবাংলো পাড়ার একটি ভাড়া বাসা থেকে রানী খাতুন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
নিহত রানী খাতুন চৌগাছা উপজেলার মশিউর নগর গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে। তিনি ডাংকবাংলো পাড়ায় সানাউল্লাহর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। তার স্বামী লিজন রেজা (৩৬) মেহেরপুর সদর উপজেলার টুংগী গ্রামের সদর আলীর ছেলে এবং সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রানীর স্বামী লিজন রেজা তার শাশুড়ি আম্বিয়া খাতুনকে ফোন করে জানান, রানী অসুস্থ হয়ে পড়েছে। তাকে যশোর হাসপাতালে নেয়া হচ্ছে। পরে রানীর মা মেয়ের ভাড়া বাসায় এসে দেখেন মেয়ে বাসার মেঝেতে পড়ে রয়েছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রানীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান।
চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: ফাহমিদা ইয়াসমিন জ্যোতি বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল।’
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



