গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীর পথরোধ করে টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার চকঝপু গ্রামের বাসিন্দা রিপা খাতুন (২৪) গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের ডাকবাংলা মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। এ সময় হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবির (২৭) ও মরহুম রঙ্গু মিয়ার ছেলে সোহাগ সরকারসহ (২৩) কয়েকজন তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তার কাছে থাকা প্রায় ২ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী রিপা খাতুন বলেন, ‘আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন অভিযুক্তরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’
তিনি আরো জানান, এ ঘটনায় তিনি সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেফতার করে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর আলম নয়া দিগন্তকে জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাঘাটা থানায় মামলা নং-১২, তারিখ: ১৩/০৫/২০২৬ ইং তারিখে মামলা করা হয়েছে।



