কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ২০

সারাদেশে চলমান অস্ত্র, মাদক, জুয়া ও অনলাইন জুয়াবিরোধী (ক্যাসিনো) অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে জেলা পুলিশ।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
মাদকসহ আটক দু’জন
মাদকসহ আটক দু’জন |নয়া দিগন্ত

সারাদেশে চলমান অস্ত্র, মাদক, জুয়া ও অনলাইন জুয়াবিরোধী (ক্যাসিনো) অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে জেলা পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ মে রাত থেকে শুরু হওয়া অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে।

রাজারহাট উপজেলায় ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবাসহ তিনজন, কুড়িগ্রাম সদর থানায় এক দশমিক ৩০ গ্রাম হেরোইনসহ সাতজন, ফুলবাড়ীতে ১৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ একজন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ একজন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ চারজন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন ও রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় মোট ১১৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, এক দশমিক ৩০ গ্রাম হেরোইন ও গাঁজা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া রাজারহাট উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে আরো দু’জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফুল আলম জানান, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির নির্দেশনায় মাদক ও জুয়াসহ সকল অপরাধের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে।