বগুড়ায় নবজাতককে হত্যার অভিযোগে মা ও সৎ বাবা আটক

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
নিহত নবজাতকের মা ও শিশুকে আটক করেছে পুলিশ
নিহত নবজাতকের মা ও শিশুকে আটক করেছে পুলিশ |নয়া দিগন্ত

বগুড়ায় পুকুর থেকে এক দিন বয়সী এক নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নবজাতককে হত্যার অভিযোগে মা নিপা ও তার বর্তমান স্বামী (নবজাতকের সৎ বাবা) দুলালকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে একই এলাকা থেকে অভিযুক্ত নিপা ও দুলালকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বগুড়া শহরের শুকুর আলীর সাথে নিপার বিয়ে হয়। ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে গত মার্চ মাসে নিপা তেলিহারা গ্রামের দুলালকে বিয়ে করেন। বিয়ের মাত্র দুই মাস পর শুক্রবার রাতে নিপা একটি ছেলেসন্তান প্রসব করেন। শনিবার সকালে স্থানীয়রা নবজাতকের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, আগের স্বামীর ঔরসজাত সন্তানকে নিয়ে সামাজিক লোকলজ্জার ভয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

অভিযোগ উঠেছে, শনিবার ভোরে নবজাতকের গলায় ব্লেড চালিয়ে হত্যার পর নবজাতকের লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেন নিপা ও দুলাল। দুপুরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, উদ্ধার হওয়া লাশটি এক দিন বয়সী ছেলে নবজাতকের। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।