ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ব্লাড গ্রুপ টেস্টিং ও স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অ্যাডভোকেট সরোয়ারজান মিয়া ও আখতারুজ্জামান মন্নু মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতায় ছিল সহযাত্রী ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা সরকারি কে এম বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন অ্যাডভোকেট সরোয়ারজান মিয়ার উত্তরসূরি ডা: তানসির জোবায়ের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান মুন্ডু মিয়ার বড় ছেলে মোহাম্মদ সাঈদ, ভাঙ্গা সরকারি কে এম কলেজের প্রভাষক মোহাম্মদ সরোয়ার হোসেন এবং প্রভাষক মোহাম্মদ মিজানুর রহমান মিজান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এ টি এম ফরহাদ নান্নুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা।
ডাক্তার তানসির জুবায়ের জানান, ভাঙ্গা উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামে পর্যায়ক্রমে মেডিক্যাল ক্যাম্প, বৃক্ষরোপণ, স্বনির্ভরতা উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।



