ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাইয়ের অভিযোগে নাইমুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোনাহাট কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নাইমুল ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে নাইমুল উপজেলা প্রাণি সম্পদ দফতরের ছাড়পত্র ছাড়াই গোসত বিক্রির উদ্দেশে সোনাহাট এলাকায় একটি গরু জবাই করেন। স্থানীয়দের অভিযোগ গরুটি মারা যাওয়ার পর জবাই করা হয়েছে। মৃত গরু জবাই করে সেই গোস্ত বিক্রি করা হবে উপজেলা প্রশাসনের নিকট এমন অভিযোগ করেন স্থানীয়রা।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৃত গরু জবাই করার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান বলেন, ‘গোসত বিক্রির উদ্দেশে গরু জবাই করার জন্য প্রাণি সম্পদ দফতরের ছাড়পত্র নেয়া হয়নি। জবাই করা গরুর গোসতগুলো মাটি চাপা দেয়া হয়েছে।’
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, ‘স্থানীয়দের অভিযোগ জবাই করার আগেই গরুটি মারা গিয়েছিল। জবাই করা গরুটি অসুস্থ ছিল তা নিশ্চিত হওয়া গেছে। তবে গরুটি মারা গিয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রাণি সম্পদ অধিদফতরের প্রতিনিধি, পুলিশ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।



