বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযানে ১৩ জনের কারাদণ্ড

মাদক ও জুয়ার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাতে শীলকূপ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

Location :

Chattogram
ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্তরা
ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্তরা |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযানে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ মে) রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে সাড়াশি অভিযান চালিয়ে আটকের পর তাদের এই কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন।

দণ্ডিতরা হলেন মো: আবদুল কাদের (৪২), মো: আবুল বশর (২৯), নুরুল আমিন (৪৪), মো: আজিজ (২০), মো: ছাবের আহমেদ (৩৪) ও মো: আলাউদ্দিন (৪৫)। তাদের মধ্যে কাদের, আজিজ ও ছাবেরকে তিন মাস এবং অন্যদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

জুয়া খেলার দায়ে দণ্ডিতরা হলেন মো: দিদারুল আলম (২২), আজগর হোসেন (৩২), সাহাব উদ্দিন (৩০), আব্দুল জব্বার (৫৫), আবদুল গফুর (৩০), মনছুরুল হক (৪০) ও মো: মোজাফফর আহমদকে (৪২)। তাদের মধ্যে দিদারুলকে ছয় মাস, আজগরকে তিন মাস এবং অন্যদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

জানা গেছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাতে শীলকূপ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের সহায়তায় মাদক সেবনের সময় ছয়জনকে, অনলাইনে জুয়া খেলার সময় সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, ‘উপজেলাকে মাদক ও জুয়ার থাবা থেকে মুক্ত করতে ইউনিয়নভিত্তিক অভিযান চালানো হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।’