গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বাদ আসর সাভার মডেল মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন।
মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং জাতির সাথে প্রতারণা বন্ধ করতে হবে। আজ আমরা এখানে সমবেত হয়েছি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে। জনগণের মতামতই গণতন্ত্রের মূল ভিত্তি। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করা মানে জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায় বিচারকে অস্বীকার করা।
তিনি বলেন, ‘ঢাকা জেলা জামায়াত দৃঢ়ভাবে বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হবে। কোনো স্বৈরাচারী মানসিকতা কিংবা ক্ষমতার অহংকার দিয়ে জনগণের রায়কে চাপা দেয়া যাবে না। জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি গণতান্ত্রিক সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।’
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইন বলেন, দেশের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা চায়। তারা এমন বাংলাদেশ চায় যেখানে জনগণের কণ্ঠরোধ করা হবে না, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে এবং জনরায়ের বাস্তবায়ন হবে।
সমাবেশ শেষে সাভার মডেল মসজিদ এলাকা থেকে একটি বিরাট গণমিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন ও উপাধাক্ষ মাওলানা শাহাদাত হোসাইন এবং জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুর রহিম মজুমদার, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানার আমির আব্দুল কাদের, পৌর আমির আজিজুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


