গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে শনিবার (১৬ মে) রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজশাহী নগরীর একটি কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, সমাবেশে অন্তত দুই লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ বর্তমানে নানা সঙ্কটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট, পরিবহন সমস্যা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানুষের স্বাভাবিক জীবনকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা নিরসনে কার্যকর ও জনমুখী পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা তিনটি মৌলিক দাবি তুলে ধরে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা। এসব দাবি নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়া আহ্বান জানান তারা।
তাদের ভাষ্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। জনগণের প্রত্যাশা ও রায়কে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনা করা জরুরি।
পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নদীর পানির সুষম বণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। একইসাথে তারা বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ১৬ মে’র সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দাবি আদায়ের আন্দোলনকে আরো শক্তিশালী করতে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো: শাহাদাত হোসেন, খেলাফত মজলিসের মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাইফুল ইসলাম ও এনসিপির মোবাশ্বের আলীসহ অন্য নেতৃবৃন্দ।



