লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে মোছা: আজিমা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ওই নারী দালালপাড়া গ্রামের আব্দুস সুবহানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে গ্রামের কিছু লোক মাঠে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি ফেরার পথে দালালপাড়া এলাকায় আকস্মিক বজ্রপাতে আজিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সাথে থাকা আরো সাতজন আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ফকিরপাড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য মো: জালাল হোসেন বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
স্থানীয়রা জানান, চলতি মৌসুমে কয়েকদিন ধরে এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। সন্ধ্যার সময় খোলা মাঠে অবস্থান করায় হতাহতের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।



