চট্টগ্রামে অগ্নিদগ্ধ লিটনের পরিবারের পাশে নগর জামায়াত আমির

পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, ধৈর্য ধারণের আহ্বান জানান এবং লিটনের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
অগ্নিদগ্ধ লিটনের পরিবারের সাথে সাক্ষাতে চট্টগ্রাম নগর জামায়াত আমির
অগ্নিদগ্ধ লিটনের পরিবারের সাথে সাক্ষাতে চট্টগ্রাম নগর জামায়াত আমির |নয়া দিগন্ত

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিক মোহাম্মদ লিটনের পরিবারের সাথে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় সদরঘাট নালাপাড়ায় লিটনের বাসায় গিয়ে তার স্বজনদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, ধৈর্য ধারণের আহ্বান জানান এবং লিটনের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরঘাট থানার আমির এম এ গফুর, ওয়ার্ড আমির হারুনুর রশিদ দিদার, ওয়ার্ড সেক্রেটারি কাউসার নেওয়াজ, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল মনছুর, জামায়াত নেতা শহীদুল্লাহ, কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর ছিল।

আহতরা হলেন— বোয়ালখালীর দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮) ও নূর নবী (২৫), রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাটের মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের জাহিদুল আলম (৪২), পটিয়ার মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও চন্দনাইশের সেলিম উদ্দিন (৩০)। এ ঘটনায় ইতোমধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অগ্নিদগ্ধ মোহাম্মদ লিটন সদরঘাট উত্তর নালাপাড়ার বাসিন্দা, স্থানীয় সামাজিক সংগঠন ‘শতাব্দী ক্লাব’-এর সদস্য ও দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে শতাব্দী ক্লাবের সদস্য ইরফান ও লিটনের ভাই রিপন তার চিকিৎসা ও সার্বক্ষণিক দেখাশোনা করছেন।