মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় চমক দেখিয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
সোমবার (২০ এপ্রিল) মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদসহ অন্য কর্মকর্তারা।
উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান অলিম্পিয়াডে ১ম ও ২য় স্থান, বিজ্ঞান কুইজে ১ম স্থান এবং বিজ্ঞান প্রজেক্টে ১ম স্থান অর্জন করে কৃতিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
উল্লেখ্য, বিজ্ঞান মেলায় ২৩ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন এক প্রতিক্রিয়ায় জানান, এই চমৎকার অর্জনের পেছনে রয়েছে শিক্ষকদের সুদক্ষ নেতৃত্ব, নিরলস পরিশ্রম এবং বিশেষ করে বিজ্ঞান শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা। তিনি এই গৌরবময় সাফল্যের জন্য শিক্ষকবৃন্দ ও অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞানচর্চার আলোয় আগামী প্রজন্ম আলোকিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো জানান, গত বিজ্ঞান মেলায় জেলার মধ্যে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় ১ম স্থান অধিকার করে।



