পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়।
মৃত আকিব ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের মো: আনিসের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন আকিব। রাতে পরিবারের সাথে একবার মোবাইল ফোনে কথা হলেও পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার ভোরে ফোন করে পরিবারকে জানানো হয়, আকিবকে আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে তার বাবা আনিস হাসপাতালে গিয়ে ছেলেকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে রাজশাহীর উদ্দেশে রওনা হলে লালপুর এলাকায় পৌঁছানোর পর আকিবের শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে পথেই তার মৃত্যু হয়।
নিহতের মামাতো ভাই আলাল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আকিব নিখোঁজ ছিলেন। পরে বুধবার ভোরে মোবাইল ফোনে খবর আসে, তিনি ঈশ্বরদী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। রাজশাহী নেয়ার পথেই তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, আকিবকে মারধর করে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে মারধর করা হয়েছে বা কারা এর সাথে জড়িত—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার পনব কুমার জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে কাজ করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানা যাবে।



