দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

প্রায় ২২ একর জমির ওপর বিস্তৃত এ ঈদগাহ ময়দানে নামাজ আদায়ে অংশ নেন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা।

Location :

Dinajpur

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

প্রায় ২২ একর জমির ওপর বিস্তৃত এ ঈদগাহ ময়দানে নামাজ আদায়ে অংশ নেন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা।

মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। ওজুর ব্যবস্থা, যানবাহন পার্কিং, মেডিক্যাল টিম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়। এছাড়া ঈদগাহ ময়দানে অর্ধশতাধিক মাইক স্থাপন করা হয়। নিরাপত্তার জন্য স্থাপন করা হয় ১০টি প্রবেশদ্বার ও দুটি ওয়াচ টাওয়ার। পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

সকাল সাড়ে ৮টার আগেই ঈদগাহ মাঠে মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো এলাকা। জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।