মাদারীপুরের শিবচরে মাদকবিরোধী অভিযানে নেমেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এসময় অভিযান চালিয়ে মাদকসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৮ মে) মধ্যরাতে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন ওই এলাকার আরশেদ আলী শেখের ছেলে আব্দুল আলী (৬৩), তার স্ত্রী শাহিদা (৪৮) এবং আব্দুল হাসেমের ছেলে মো: ওয়াসিম আকন (৪০)।
আটককৃত তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি এলাকায় মাদক বেচাকেনার সাথে জড়িত আব্দুল আলীসহ তিনজনকে হাতেনাতে আটক করেন হাজী শরীয়তুল্লাহ (রহ.) সমাজকল্যাণ পরিষদের সদস্যরা।
পরে সংসদ সদস্য নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেন।
এ সময় এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। যুবসমাজকে বাঁচানোর জন্য অতীতেও আমরা নিজেদের জীবন ঝুঁকিতে রেখে কাজ করেছি, এখনো করে যাচ্ছি।’



