রংপুরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার

তার নামে মহানগরী এবং জেলার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, সড়ক ডাকাতি, চুরি, মাদক কারবার ও সেবনসহ ১৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

রংপুর ব্যুরো

Location :

Rangpur
আনাস সামাদকে গ্রেফতার করেছে পুলিশ
আনাস সামাদকে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

রংপুরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও হত্যাচেষ্টা, ডাকাতি, মাদকসহ ১৪ মামলার আসামি আনাস সামাদকে (৩৫) ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রংপুর মহানগরীর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। পরে তাকে তাজহাট থানায় হস্তান্তর করা হয়।

কোতয়ালী থানার ওসি নাজমুল কাদির জানান, আনাস পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে মহানগরী এবং জেলার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, সড়ক ডাকাতি, চুরি, মাদক কারবার ও সেবনসহ ১৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।

ওসি নাজমুল কাদির আরো জানান, সম্প্রতি আনাস গোপনে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার কাজ করছিল। সম্প্রতি তাজহাট এলাকায় অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যাকাণ্ডের সাথে তার কোনো যোগসূত্র আছে কিনা সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনাস নগরীর রেলগেট বাবুপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।