মহানবী সা:-এর আদর্শের রাষ্ট্রে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ নেই : মোবারক হোসাইন

মোবারক হোসাইন আকন্দ বলেন, ‘কুরআনে আল্লাহ নিজেই মানব-রচিত সব আদর্শের বিপরীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। একমাত্র রাসূলে করীম সা:-এর নীতি ও আদর্শকে জীবন ও রাষ্ট্রব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে।’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
আলোচনা সভায় উপস্থিত বক্তা ও অতিথিরা
আলোচনা সভায় উপস্থিত বক্তা ও অতিথিরা |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দ বলেছেন, ‘মহানবী হযরত মুহাম্মদ সা:-এর নীতি ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে কোনো দল বা সরকার জালিম হতে পারবে না, ফ্যাসিস্ট হতে পারবে না ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারবে না।’

বুধবার (২৬ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের আল হেরা মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে মহানবী সা:-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোবারক হোসাইন আকন্দ বলেন, ‘রাষ্ট্র সংস্কারে মহানবী সা:-এর নীতি ও আদর্শ বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে মহানবী সা:-এর নীতি ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘কুরআনে আল্লাহ নিজেই মানব-রচিত সব আদর্শের বিপরীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। একমাত্র রাসূলে করীম সা:-এর নীতি ও আদর্শকে জীবন ও রাষ্ট্রব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে।’

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) জেলা সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র প্রার্থী ডা: আবু হানিফ।

ব্রাহ্মণবাড়িয়া পৌর জামায়াতের আমির মাস্টার শাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা দেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াসিন, জেলা পেশাজীবী ফোরামের সহকারী সেক্রেটারি অধ্যাপক মনোয়ার মুন্না ও পৌর জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ খলিলুর রহমান।

সভাপতির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন, ‘মহানবী সা:-এর নীতি ও আদর্শ শুধু জীবনভর শুনে গেলেই এর সুফল পাওয়া যাবে না। সুফল পেতে হলে মহানবী সা:-এর নীতি ও আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি বলেন, ‘রাসূলে করীম সা:-এর সামগ্রিক জীবনের প্রতিটি দিক ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বক্ষেত্রে অনুসরণ করার মধ্য দিয়েই সীরাতুন্নবী সা:-এর প্রতি প্রকৃত ভালোবাসার পরিচয় পাওয়া যায়।’

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাজালিসুস মুফাসসিরিনের জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন ভূইয়া।